ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক বুধবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আশরাফ উদ্দিন এমপি।
বৈঠকে কমিটির সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, এমপি; হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপি; এস, এম জিলানী, এমপি; আব্দুস সালাম আজাদ, এমপি; রেজা আহাম্মেদ, এমপি; লুৎফুর রহমান, এমপি এবং মোঃ আব্দুল বাতেন, এমপি অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং কমিটির সদস্যসহ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর/সংস্থাসমূহের প্রধানদের সাথে পরিচিতি ও কার্যক্রম সম্পর্কে প্রাথমিক পর্যালোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকের সভাপতির স্বাগত বক্তব্যে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এছাড়াও পার্বত্য চট্টগ্রাম, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন সময় দায়িত্ব পালনকালে প্রাণ উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
মো. আশরাফ উদ্দিন এমপি বলেন, "বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সশস্ত্র বাহিনীর রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা।" তিনি স্বাধীনতার পর সশস্ত্র বাহিনীর পুনর্গঠন ও আধুনিকায়নের ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলে ধরেন।
বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ২৫টি দপ্তর/সংস্থাসমূহের প্রধানদের সাথে পরিচিতি ও কার্যক্রম সম্পর্কে প্রাথমিক পর্যালোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর আধুনিকায়ন কার্যক্রম সম্পর্কে সংক্ষেপে তথ্য উপস্থাপন করা হয়।
কমিটি কর্তৃক আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামাদিতে সজ্জিত করার সুপারিশ করা হয়েছে। এছাড়া সেনাবাহিনী কর্তৃক নির্মাণাধীন অবকাঠামোগুলোতে সেভ এনার্জি নিশ্চিত করার মাধ্যমে সেভ মানি পরিকল্পনা তুলে ধরা হয়।
বৈঠকে সশস্ত্র বাহিনীতে মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করার সুপারিশ করা হয়। কমিটির সদস্যরা জনগণের পক্ষে বাংলাদেশ সশস্ত্র বাহিনী কাজ করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।