কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার বিএফআইইউ দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ বিষয়ে বার্তা পাঠিয়েছে।
বিএফআইইউয়ের পাঠানো ইমেইল বার্তায় সালমান মুক্তাদিরের হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য (কেওয়াইসি) ও হিসাব বিবরণী (স্টেটমেন্ট) দিতে বলা হয়েছে। একইসাথে তথ্যের গোপনীয়তা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে অবস্থিত সালমান মুক্তাদিরের কার্যালয়ে হামলা চালানো হয়। দুর্বৃত্তরা তাঁর কার্যালয়ে ঢুকে হামলা চালায় এবং বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে।
এ ঘটনার পর সালমান মুক্তাদির প্রথমে অভিযোগ করেন যে বিএনপির লোকজন চাঁদা চেয়েছিল, তবে পরে তিনি জানান, তাঁর কাছে চাঁদা চাওয়া হয়নি।
এদিকে নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গোলাম মহিউদ্দিন চৌধুরী হামলা ও ভাঙচুরের মামলার চার নম্বর এজাহারভুক্ত আসামি।
নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এর আগে আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ ও ডিবি।