নেত্রকোণার পূর্বধলায় বিস্ফোরক দ্রব্য, মোটরসাইকেল পোড়ানো, গুরুতর জখম ও চুরিসহ কয়েকটি ধারায় করা মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছে আদালত।
বুধবার নেত্রকোণা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম রাজিবুল হাসান শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, জামায়াতে ইসলামীর এই নেতাকর্মীরা উচ্চ আদালতের দেয়া ৮ সপ্তাহের জামিনে ছিলেন। ওই জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তারা নেত্রকোণায় বিচারিক আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেছিলেন।
আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি গত ২৬ মে পূর্বধলার হোগলা ইউনিয়নের যুবদল নেতা ওমর ফারুক বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন ধারায় দায়ের করেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত জাতীয় নির্বাচনে নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে জামায়াতের প্রার্থী মাছুম মোস্তফা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই আসামিরা তাকে হুমকি দেন এবং একপর্যায়ে আগিয়া বাজারে তাকে মারধর করে তার টিবিএস মোটরসাইকেলে আগুন দেন।