ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম ও বাজেট বরাদ্দ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ২০২৬-২৭ অর্থবছরের জন্য এডিবিতে বিদ্যুৎ বিভাগের জন্য ৪১টি চলমান উন্নয়ন প্রকল্পের আওতায় প্রকল্প সাহায্য হিসেবে ১০ হাজার ৬৫৩ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এছাড়া, সরকারের সাধারণ বাজেট থেকে ৪,০৭১.৩৯ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন হিসেবে ৩,৩৮১.৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
বৈঠকে জানানো হয়, দেশে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১২,০২২ মেগাওয়াট, যেখানে প্রকৃত উৎপাদন ৪,০০০-৫,০০০ মেগাওয়াট। কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ৬,৯২৭ মেগাওয়াট, প্রকৃত উৎপাদন ৫,০০০-৬,০০০ মেগাওয়াট এবং তরল জ্বালানি ভিত্তিক উৎপাদন সক্ষমতা ৬,৪০৯ মেগাওয়াট, প্রকৃত উৎপাদন ২,৫০০-৩,০০০ মেগাওয়াট।
এছাড়া, বৈঠকে জানানো হয়, আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৭ এর মধ্যে ছাদভিত্তিক সৌর ব্যবস্থা স্থাপনকারী গ্রাহকরা ২৮ ফেব্রুয়ারি ২০৩০ পর্যন্ত গ্রিডে দেওয়া উদ্বৃত্ত বিদ্যুতের প্রতি ইউনিটে ১০.৫০ টাকা পাবেন। কমিটি রুফটপ সোলার প্যানেল থেকে জাতীয় গ্রিডে যুক্ত বিদ্যুতের পরিমাণ আগামী বৈঠকে উপস্থাপনের জন্য সুপারিশ করেছে।
কমিটির সদস্যদের মধ্যে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, মোহাম্মদ কয়ছর আহমেদ, রফিকুল ইসলাম হিলালী, এস,এম, জাহাঙ্গীর হোসেন, নায়াব ইউসুফ আহমেদ, মমতাজ আলো, মোহাম্মদ নাজিবুর রহমান এবং মোঃ আবুল হাসনাত উপস্থিত ছিলেন।