বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে শিক্ষক আটক

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে শিক্ষক গোলাম কিবরিয়া লালন আটক।

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে শিক্ষক আটক

কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামের এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গোলাম কিবরিয়া লালন প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ৩টার দিকে বিদ্যালয়ের দশম শ্রেণির বাংলা ক্লাসে জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া বাংলা ভাষণের প্রসঙ্গ ওঠে। এ সময় শিক্ষক লালন প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে বিরূপ মন্তব্য করেন, যা শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে।

শিক্ষার্থীদের দাবি, ওই সময় শিক্ষক প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে তাদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন। ক্লাস শেষে শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে অভিভাবকদের কাছে ঘটনাটি জানালে তা এলাকায় ছড়িয়ে পড়ে। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে আটক করে থানায় নিয়ে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, 'প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং বিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত করার অভিযোগে শিক্ষক লালনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।'

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান মুকুল জানান, তিনি মঙ্গলবার রাতে ঘটনার বিষয়ে জানতে পারেন এবং বুধবার সকালে সংশ্লিষ্টদের নিয়ে শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন। তিনি বলেন, শিক্ষক গোলাম কিবরিয়া লালন কটূক্তির অভিযোগ অস্বীকার করেছেন, তবে প্রধানমন্ত্রীর দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে বাংলা ভাষার উচ্চারণ কিছুটা অস্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন।

এদিকে, ঘটনার পর এলাকায় আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন