চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ তথ্য পাচারের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট এবং পাঁচলাইশ থানা পুলিশ যৌথভাবে তাকে গ্রেফতার করে। মামলাটি দায়ের করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে রাত সাড়ে ১০টার দিকে মামলাটি নথিভুক্ত করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী জানান, মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, জাহাঙ্গীর আলম তার মুঠোফোন থেকে একটি বার্তা পাঠিয়েছিলেন। বার্তায় তিনি উল্লেখ করেন, ‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে।’ তবে বার্তাটি কাকে পাঠানো হয়েছিল, তা জানা যায়নি।
মামলার তদন্তের দায়িত্ব এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিটের উপর ন্যস্ত করা হয়েছে। এর আগে, গত মঙ্গলবার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আব্দুল কুদ্দুস চৌধুরী।
জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা, ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশে যোগদান করেন।