শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শ্রমিক অসন্তোষে কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের

শ্রমিক অসন্তোষের কারণে মালিকরা কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন।

শ্রমিক অসন্তোষে কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের

পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ জানিয়েছে, শ্রমিক অসন্তোষ দেখা দিলে আগামী রোববার থেকে শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী মালিকরা কারখানা বন্ধ ঘোষণা করতে পারবে।

শনিবার (১৪ নভেম্বর) এক যৌথ সংবাদ সম্মেলনে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এ তথ্য জানান। তিনি বলেন, শনিবার মোট ১৪৭টি কারখানায় উৎপাদন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। এর মধ্যে ৫৫টি কারখানা আগে থেকেই বন্ধ রয়েছে এবং বাকি ৯২টি কারখানা চালু রাখার চেষ্টা করলেও উৎপাদন চালাতে পারেনি।

মাহমুদ হাসান খান বলেন, যদি ৯২টি কারখানার কোনোটি চাইলে রোববার থেকে একই ধারায় বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারে। তিনি আরও জানান, বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যদের জরুরি মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা সম্মত হয়েছেন যে, কারখানাগুলোর সার্বিক সুরক্ষা নিশ্চিত না হলে মজুরি বোর্ডে আলোচনা করার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ হবে।

তিনি বলেন, সামগ্রিক নিরাপত্তা এবং উৎপাদনের অনুকূল পরিবেশ বজায় না থাকায় সংশ্লিষ্ট এলাকার কারখানাগুলো সচল রাখা সম্ভব হচ্ছে না। মালিকেরা কারখানা বন্ধের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

বিজিএমইএ সভাপতি আরও জানান, কোনো বাণিজ্য সংগঠন চাইলেই কারখানা বন্ধ করতে পারে না। বিদ্যমান পরিস্থিতিতে উৎপাদন চালাতে না পেরে শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন মালিকেরা।

তিনি উল্লেখ করেন, বিজিএমইএ ও সরকারের অনুরোধে গত প্রায় ১২ থেকে ১৪ দিন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মালিকেরা সর্বোচ্চ চেষ্টা করে কারখানা চালু রেখেছেন। তবে উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে না পারায় তারা এ সিদ্ধান্ত নিচ্ছেন।

উৎপাদন ব্যাহত হওয়া কারখানাগুলোতে কর্মরত শ্রমিকের সংখ্যা আনুমানিক তিন লাখ, প্রতিটি কারখানায় গড়ে দুই হাজার শ্রমিক ধরে এ হিসাব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন