বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে। এই তথ্য জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
তিনি শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে আইন মন্ত্রনালয় ও ইউএনডিপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বাণিজ্যিক আদালত সংস্কারবিষয়ক অংশীজন পরামর্শ সভায় এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল উল্লেখ করেন, সারাদেশে ৭৫টি বাণিজ্যিক আদালতের প্রয়োজন নেই এবং নতুন আইন প্রণয়ন করলেই হবে না, বরং আইনের কার্যকর বাস্তবায়ন জরুরি।
পরামর্শ সভায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ বলেন, বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে আইনের শাসনের ওপর বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে হবে।
তিনি আরও বলেন, বিরূপ পরিস্থিতি সৃষ্টি হলে বিনিয়োগকারীরা যেন বিচারব্যবস্থার ওপর নির্ভর করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।