শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাদক মামলায় বকুলকে যাবজ্জীবন কারাদণ্ড, জরিমানা ৩ হাজার টাকা।

চুয়াডাঙ্গায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় বকুল নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত বকুল চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার মৃত কুদরত আলীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৯ মার্চ দুপুরে মাদক কেনাবেচার খবর পেয়ে পুলিশ বকুলের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে আটক করা হয় এবং তার বসতঘরে তল্লাশি চালিয়ে ১৩টি ইঞ্জেকশন উদ্ধার করা হয়।

এ ঘটনায় তৎকালীন উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ মে বকুলকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা এসআই সানজিদ আহমেদ।

বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের আট সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা করে বকুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

আদালত মামলায় তার হাজতবাসের সময় সাজা থেকে বাদ দেওয়ার পাশাপাশি জব্দ করা আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি সৈয়দ মাহমুদ শামীম রেজা ডালিম, আসামিপক্ষে ছিলেন আইনজীবী আরিফুল ইসলাম আরিফ।

রায় ঘোষণার পর পুলিশ পাহারায় আসামি বকুলকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন