নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের মামলায় শিক্ষকের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নেত্রকোণা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম এই রায় ঘোষণা করেন। অভিযুক্ত আমান উল্লাহ মাহমুদী, যিনি ‘সাগর হুজুর’ নামেও পরিচিত, আদালতে উপস্থিত ছিলেন।
রায়ে আরেক আসামি, সাগরের ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল কবীর রুবেল জানান, মামলার বিচার কার্য দ্রুত সময়ে সম্পন্ন হয়েছে। ৬০ দিনের মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ, শুনানি, পুলিশি চার্জশিট এবং ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয়।
মামলার অভিযোগে বলা হয়, প্রায় চার বছর আগে আমান উল্লাহ মাহমুদী একটি মহিলা কওমি মাদরাসা প্রতিষ্ঠা করেন। ওই শিশুটি তার মা-বাবার বিচ্ছেদের পর নানার বাড়িতে থেকে সেখানে পড়াশোনা করত। শিশুটির মা সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন।
গত ১৮ এপ্রিল, মদন পৌর শহরের একটি ক্লিনিকে শিশুটি অন্তঃসত্ত্বা বলে চিকিৎসক জানান। ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে আমান উল্লাহ মাহমুদীর বিরুদ্ধে মামলা করেন। ৬ জুন র্যাব সাগরকে গ্রেপ্তার করে।
আদালত সাগরের ডিএনএ পরীক্ষার নির্দেশ দেয় এবং ১২ মে শিশুটিকে সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে ২ জুলাই সে একটি কন্যাশিশুর জন্ম দেয়। নবজাতকের ডিএনএ পরীক্ষার জন্য ৯ জুলাই আদালতে আবেদন করে পুলিশ।
সিআইডির প্রতিবেদন অনুযায়ী, নবজাতকের ডিএনএ প্রোফাইল আমান উল্লাহ মাহমুদীর সঙ্গে মিলে যায়, যা প্রমাণ করে যে শিশুটির ‘জৈবিক বাবা’ তিনি। ২৭ আগস্ট, পুলিশ সাগর ও মামুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।