চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ প্রসাধনী ও ক্রিমসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের সামনে আব্দুল আহাদ ট্রেডার্স নামের একটি দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন দর্শনা থানার সদাবরী পশ্চিমপাড়ার মৃত আবুল দফাদারের ছেলে জহিরুল হক (৪০) এবং সদাবরী মাদ্রাসাপাড়ার মৃত জালাল উদ্দিনের ছেলে আসানুর হক (৩৫)। পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে কার্পাসডাঙ্গা বাজারে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানের সময় ওই দুইজনের হেফাজত থেকে ১৭৬টি পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, ১ হাজার ১০৩টি নিভিয়া সফট ক্রিম এবং ৬৮০টি ক্লোবেটাসল প্রোপিওনেট ও জেন্টামাইসিন সালফেটযুক্ত ক্রিম উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকা।
পুলিশ আরও জানায়, পণ্য পরিবহনে ব্যবহৃত দুটি পুরোনো ব্যাটারিচালিত ভ্যান জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা পণ্য ও যানবাহনের আনুমানিক মূল্য ৪ লাখ ৩৩ হাজার ৯৪০ টাকা।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার জানান, উদ্ধার করা পণ্য ও ভ্যান জব্দতালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।