নওগাঁর ধামইরহাটে সম্পত্তি ও স্বর্ণালংকারের লোভে ৬৫ বছর বয়সী হালিমা বেগমকে হত্যার অভিযোগে তার ছোট ভাই এবং ভাবিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর ধামইরহাট উপজেলার ছিলিমপুর গ্রামের একটি ধানক্ষেতের পাশে বাঁশঝাড় থেকে হালিমার মরদেহ উদ্ধার করা হয়। তার কানের লতি কাটা ছিল এবং তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানায়।
জানা গেছে, স্বর্ণালংকার ও গৃহপালিত পশুর লোভ ছাড়াও এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়া এবং পারিবারিক বিরোধের কারণে পরিকল্পিতভাবে হালিমাকে হত্যা করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানের মাধ্যমে প্রথমে নিহতের ছোট ভাই মজনু রহমান ও তার স্ত্রী হোসনে আরাকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রশি ও ওড়না জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া পাঁচজনকে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে।