জয়পুরহাটের কালাই থানায় তিন পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগে আসলাম হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। আসলাম উপজেলার থুপসাড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থানার ভেতরে ঢুকে আসলাম কাঠের বাটাম নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা করেন। এ সময় তিনি কনস্টেবল মাহমুদুল হাসান রকিকে আঘাত করেন এবং পরে কনস্টেবল মাসুদ রানার পিঠে আঘাত করেন।
হামলার পর আসলাম থানা কম্পাউন্ড থেকে পালিয়ে যান। আহত পুলিশ সদস্যদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও এজাহার দায়ের করেছেন কালাই থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব।
এজাহারে উল্লেখ করা হয়েছে, আসলাম হোসেনের বিরুদ্ধে মাদক ও জুয়া আইনে একাধিক মামলা রয়েছে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, আসলামকে মঙ্গলবার রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।