বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মেহেদির রং না শুকাতেই নববধূ লিমার মৃত্যু, স্বামী ও শাশুড়ি আটক

শেরপুরের নালিতাবাড়ীতে নববধূ লিমা আক্তারের মৃত্যু, স্বামী ও শাশুড়ি আটক।

মেহেদির রং না শুকাতেই নববধূ লিমার মৃত্যু, স্বামী ও শাশুড়ি আটক

শেরপুরের নালিতাবাড়ীতে মেহেদির রং না মুছতেই লিমা আক্তার (২০) নামে এক নববধূর মৃত্যু ঘটেছে। পুলিশ এ ঘটনায় তার স্বামী একরামুল হক (২২) ও শাশুড়ি ফরিদা বেগম (৫০) কে আটক করেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে গোপালপুর গ্রামে লিমার মৃত্যুর ঘটনা ঘটে।

লিমা আক্তার হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের মাঝিয়াইল গ্রামের সাইদুল ইসলামের কন্যা। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পারিবারিকভাবে এক লাখ ৭০ হাজার টাকা দেনমোহরে একরামুলের সঙ্গে তার বিয়ে হয়। রবিবার তিনি বাবার বাড়ি বেড়াতে যান এবং মঙ্গলবার বিকেলে শ্বশুরবাড়িতে ফেরেন।

পরিবারের সদস্যরা জানান, বাবার বাড়ি থেকে পাঠানো কিছু জিনিসপত্র পছন্দ না হওয়ায় শ্বশুরবাড়ির সঙ্গে লিমার মনোমালিন্য হয়। রাত তিনটার দিকে একরামুল লিমার ভগ্নিপতিকে ফোন করে জানান যে লিমা অসুস্থ। পরে শ্বশুরবাড়ির লোকজন তাকে রাত চারটার দিকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লিমার শরীরে আঘাতের চিহ্ন থাকায় পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়। নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফাহাদ রহমান জানান, হাসপাতালে আনার আগেই লিমার মৃত্যু হয়েছে।

লিমার স্বজনদের অভিযোগ, বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র নিয়ে ঝগড়ার একপর্যায়ে নির্যাতন করে তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। তবে স্বামী একরামুল জানান, তিনি মাঝরাতে ঘুম থেকে উঠে বাইরে বের হয়ে স্ত্রীর মরদেহ ঝুলতে দেখেন এবং নিজেই নামিয়ে সবাইকে জানান।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, নববধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী ও শাশুড়িকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন