নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের খবর মিথ্যা বলে দাবি করেছেন নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার। তিনি জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার বলেন, "নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে"—এমন খবর সম্পূর্ণ বানোয়াট।
পুলিশ সুপার উল্লেখ করেন, পূর্বে ধারণকৃত ও এআই দ্বারা নির্মিত ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে। তিনি বলেন, "এটি সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হচ্ছে।"
তিনি আরও জানান, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই এবং সেখানে হামলার ঘটনা ঘটেনি।
এদিকে, গত ১৮ নভেম্বর সন্ধ্যায় বেন্দারচর সুইচ গেট সংলগ্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির মিছিলে হামলা চালিয়ে শাহীন শেখ ও সোহেল মোল্যাকে হত্যা করে। ঘটনার পর পুলিশ অভিযানে নেমে দিশা বিশ্বাস ও রাকিব বিশ্বাসকে গ্রেফতার করে।
পুলিশের তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের পর ভুক্তভোগীর আত্মীয়-স্বজন ও উত্তেজিত লোকজন বেন্দারচর গ্রামে এসে আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা চালায়। কালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।