কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স খুলে প্রায় ৫ মাসে ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। বর্তমানে গণনার কাজ চলছে।
এছাড়া, দানবাক্সগুলোতে স্বর্ণ-রুপার অলঙ্কার ও বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে। চলতি বছরের ২৭ জুন ৬ মাস পর দানবাক্সগুলো খুলে ৪৩ বস্তা টাকা পাওয়া গিয়েছিল, যার পরিমাণ ছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা।
আজ শনিবার সকালে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।
এ সময় বিপুল সংখ্যক পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ৫১টি বস্তায় ভরে এসব টাকা মসজিদের দোতলায় নেওয়া হয়।
মেঝেতে ঢেলে গণনা করা হচ্ছে প্রায় ৩০০ জন ছাত্র, ১০ জন শিক্ষক ও রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তার দ্বারা। টাকার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।
মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, দিনভর গণনা শেষে আজ সন্ধ্যায় টাকার পরিমাণ জানা যাবে। এই মসজিদে সঠিক নিয়তে মানত করলে রোগ-বালাই দূর হওয়া সহ বিভিন্ন মনোবাসনা পূর্ণ হয় বলে বিশ্বাস রয়েছে।
জনশ্রুতি রয়েছে, প্রায় আড়াইশ বছর আগে পাগলবেশী এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মধ্যস্থলে ভেসে এসে বর্তমান মসজিদ এলাকা হারুয়ায় থামেন। তার মৃত্যুর পর সমাধির পাশে এই মসজিদটি গড়ে ওঠে।
কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীর তীরে ৩ একর ৮৮ শতাংশ জমির ওপর অবস্থিত এ মসজিদটি ১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াক্ফ এস্টেটের অধীনে পরিচালিত হয়ে আসছে।