খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠার মাইল এলাকায় বুধবার (২১ অক্টোবর) বিকেল ৩টার দিকে বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে যাত্রীবাহী বাসটি সাতক্ষীরার দিকে যাচ্ছিল। আঠার মাইল এলাকায় পৌঁছালে ট্রাকের সাথে সংঘর্ষ হয়, যার ফলে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং ট্রাকটি উল্টে যায়।
আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহত যাত্রীদের মধ্যে অনেকেই জানিয়েছেন, বাসটির চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন।
খুলনার খর্নিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। বাসটি উদ্ধার করার চেষ্টা চলছে এবং নিচে কেউ চাপা পড়ে আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।