খুলনা থেকে লংমার্চ শেষে ফেরার পথে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বহনকারী একটি বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় একজন পথচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় জামায়াতের অন্তত ১০ জন নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন।
গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার কুমিরা বাজার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত পথচারীর নাম আব্দুল খালেক (৪৫)। তিনি তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খুলনা থেকে লংমার্চের কর্মসূচি শেষে বাসটি সাতক্ষীরার দিকে ফিরছিল।
ওসি আরও জানান, বাসটি কুমিরা বাজার মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ একজন ব্যক্তি দৌড়ে বাসের সামনে চলে আসে। স্থানীয়দের মতে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। চালক তাকে বাঁচাতে গিয়ে বাসটির নিয়ন্ত্রণ হারান এবং বাসটি খাদে উল্টে পড়ে যায়।
দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহত যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং খাদ থেকে তোলার ব্যবস্থা করা হচ্ছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া ও পরবর্তী পদক্ষেপ গ্রহণের কাজ চলমান রয়েছে।