মাগুরায় এইচএসসি পরীক্ষায় পাস করতে না পারায় দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। পুলিশ ও স্বজনদের প্রাথমিক তথ্য অনুযায়ী, হতাশা থেকেই তারা এই পদক্ষেপ নেন।
নিহতদের মধ্যে একজন হলেন বুনাগাতী ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বাপ্পী বিশ্বাস (১৯) এবং অপরজন কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী অনন্যা শিকদার (১৮)।
বাপ্পী মাগুরা সদরের আমুড়িয়া গ্রামের শফিকুল বিশ্বাসের ছেলে এবং অনন্যা একই উপজেলার নতুন গ্রামের মৃত অনীল শিকদারের মেয়ে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, 'আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'