রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

লক্ষ্মীপুরের ৫ কলেজে এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি

লক্ষ্মীপুরের পাঁচটি কলেজে এইচএসসি পরীক্ষায় ১৯ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

লক্ষ্মীপুরের ৫ কলেজে এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে লক্ষ্মীপুর জেলার পাঁচটি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব কলেজে পরীক্ষায় অংশ নেওয়া ১৯ জন শিক্ষার্থী সবাই অকৃতকার্য হয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলো—ফজুমিয়ার হাট হাইস্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ উদ্দিন আলোকিত কলেজ, তোরাবগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ এবং ক্যামব্রিজ সিটি কলেজ।

এ বছর লক্ষ্মীপুর জেলায় এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪১.২৯ শতাংশ। মোট ৮,৭৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩,৬২৪ জন পাস করেছে এবং ৮১ জন জিপিএ-৫ পেয়েছে।

কুমিল্লা বোর্ডে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল করেছে লক্ষ্মীপুর জেলার রায়পুরে অবস্থিত প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ, যেখানে ৩৭২ জনের মধ্যে ৩৬৮ জন কৃতকার্য হয়েছে এবং ২৪ জন জিপিএ-৫ পেয়েছে।

ফলাফল বিশ্লেষণ করে জানা যায়, ফজুমিয়ার হাট হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে ৭ জন, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬ জন, বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ উদ্দিন আলোকিত কলেজ থেকে ৩ জন, তোরাবগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে ২ জন এবং ক্যামব্রিজ সিটি কলেজ থেকে ১ জন শিক্ষার্থী পাস করতে পারেনি।

তোরাবগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক কামাল উদ্দিন বাহার বলেন, ‘প্রতিষ্ঠানে কোনো স্থায়ী শিক্ষক নেই। অতিথি শিক্ষক দিয়ে পাঠদান করানো হয়। শিক্ষার্থীদের পড়ালেখার প্রতিও মনোযোগের অভাব রয়েছে।’

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া জানান, যেসব কলেজ থেকে কেউ পাস করেনি, সেসব প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হবে এবং পরবর্তী সময়ে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন