বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে আদালতে তোলা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়।
এ ঘটনায় দীপের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম শুক্রবার রাতে রাজধানীর উত্তরখান থানায় মামলা দায়ের করেন। দীপকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে।
তাহসিফের বাবা সাংবাদিকদের জানান, তিনি ছেলের মৃত্যু মেনে নিতে পারছেন না। তিনি রাষ্ট্রীয় বিভিন্ন এজেন্সির মাধ্যমে সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন।
গতকাল দিনভর ঘটনাস্থল পরিদর্শনের পর দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে পিবিআই। তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেল টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার করা হয়। দীপ জানান, ইউনিফর্ম পরিহিত দুই ব্যক্তির ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেন তাহসিফ।
২৮ অক্টোবর বিকেলে উত্তরখান থানাধীন তুরাগ নদীর রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। তিনি ২৭ অক্টোবর মধ্যরাত থেকে নিখোঁজ ছিলেন।
এদিকে, তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া ক্লাব। সংগঠনটির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু নওরোজ খুরশিদ আলম বলেন, প্রকৃত সত্য দ্রুত উদ্ঘাটিত হোক, এটাই তারা চান।