শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপ গ্রেফতার

তাহসিফ সাউরির হত্যা মামলায় তার বন্ধু দীপকে গ্রেফতার করেছে পুলিশ।

তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপ গ্রেফতার

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (৩১ অক্টোবর) দীপকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে নৌ পুলিশ।

গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম। তাহসিফ ২৭ অক্টোবর সন্ধ্যায় উত্তরার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যদের অভিযোগ, তাহসিফকে দীপের ডাকে বাসা থেকে বের হতে হয়েছিল। দীপ গণমাধ্যমকে জানান, তাহসিফের মোটরসাইকেলে সমস্যা হওয়ায় তারা ওয়ার্কশপে গিয়েছিলেন। মোটরসাইকেল মেরামত করার পর তারা একসঙ্গে খাবার খান এবং বিদায় নেন।

তবে, বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থেকে দীপকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাকে নিয়ে টঙ্গীর তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকায় যায় পিবিআই। দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে সেখানে তাহসিফের নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পিবিআই জানায়, দীপ দাবি করেছেন, ঘটনার রাতে তারা তুরাগ নদসংলগ্ন এলাকায় গিয়েছিলেন এবং সেখানে কয়েকজন তাদের ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। তবে দীপের এই বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

গতকাল রাতে পিবিআই দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে। এই ঘটনায় মামলা দায়েরের আগে থেকেই নৌ পুলিশ তদন্ত করছে, পাশাপাশি পিবিআই ছায়া তদন্তে নেমেছে।

বিজ্ঞাপন