রাজধানীর কলাবাগানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এর বিচারক মঞ্জুরুল বাছিদের বাসভবনের সামনে আজ শুক্রবার দুপুরে ৪ থেকে ৫টি ককটেল বিস্ফোরিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিচারক মঞ্জুরুল বাছিদ জুম্মার নামাজের জন্য মসজিদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন দুর্বৃত্তরা তার বাসার সামনে ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের ফলে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় চারজনকে আটক করা হয়।
এছাড়া, ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করা হয়, যা পরে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করে।
বিচারক মঞ্জুরুল বাছিদের ছেলে মাহমুদুল বাছিদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জুমার নামাজের ঠিক আগমুহূর্তে এই হামলা চালানো হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।