নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও তার ছয় বছর বয়সী ছেলে নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে নেত্রকোণা-কেন্দুয়া সড়কের দুর্গাপুর লাহিড়ী বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে বাবা মাহমুদুল হক শাহীন (৪০) এবং তার ছেলে রাজিন (৬) রয়েছেন। শাহীন কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন। তাদের বাড়ি কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর লাহিড়ী বাড়ি মোড়ে দুটি মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে বাবা-ছেলেসহ এক নারী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শাহীন ও তার ছেলে রাজিনকে মৃত ঘোষণা করেন।
আহত নারীও গুরুতর অবস্থায় রয়েছেন, তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।