বগুড়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা হত্যা মামলার সন্দেহভাজন আসাদুজ্জামান আসাদের (২৫) মৃত্যু হয়েছে। রোববার সকালে হাজতখানার টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আসাদের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা মধ্য উত্তরপাড়ায়। তাকে একটি সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই ও চালককে হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ জানায়, আসাদকে শনিবার গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।
রোববার সকালে হাজতখানার টয়লেটে যাওয়ার পর অনেক সময় পেরিয়ে গেলেও তিনি ফিরে আসেননি। পরে পুলিশ টয়লেট থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, আসাদ টয়লেটের ভেন্টিলেটরের রডের সঙ্গে লুঙ্গি বেঁধে আত্মহত্যা করেছেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদুল ইসলাম রনি জানান, নিহতের শরীরে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি।