বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া তার সঙ্গে থাকা নারী জেরিকা তাসনিম দিশাকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে আদালত। রোববার (১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, শনিবার রাতে দিশাকে গ্রেফতার করা হয়। পরে, রোববার নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে।
তাহসিফ সৌরি ২৭ অক্টোবর রাত সোয়া ১০টায় একটি মোটরসাইকেলে দিশাকে নিয়ে উত্তরার একটি ভবনের সামনে থামেন। সেখানে তার বন্ধু শাহরিয়ার দীপ হেলমেট পরে ছিলেন। রাত ১২টার কিছু আগে তিনজনই ভবনের লিফট দিয়ে নেমে ওই এলাকা ত্যাগ করেন।
তাহসিফের মৃত্যুর ঘটনায় তার বাবা কেএম এনায়েতুল করিম গত শুক্রবার (৩০ অক্টোবর) রাতে উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় দিশাকে গ্রেফতার করা হয়েছে। একই মামলায় তাহসিফের বন্ধু দীপকেও গ্রেফতার করা হয়েছে, যার ৪ দিনের রিমান্ড চলছে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর রাতে তাহসিফ সৌরি নিখোঁজ হন এবং ২৮ অক্টোবর বিকেলে উত্তরখানের রাজাবাড়ি ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।