শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

তাহসিফ সৌরির হত্যা মামলায় দীপকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় গ্রেফতার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।

শুক্রবার রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে রাজধানীর উত্তরখান থানায় মামলা করেন। এরপর দীপকে এই মামলায় গ্রেফতার করা হয় এবং দুপুরে তাকে আদালতে তোলা হয়। নিহত তাহসিফের বাবা সাংবাদিকদের জানান, ছেলের এমন মৃত্যু তিনি মেনে নিতে পারছেন না এবং রাষ্ট্রীয় বিভিন্ন এজেন্সির মাধ্যমে তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিতের আহ্বান জানান।

গতকাল দিনভর ঘটনাস্থল পরিদর্শন শেষে মধ্যরাতে দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে পিবিআই। টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়। এ সময় দীপ জানান, ইউনিফর্ম পরিহিত দুই ব্যক্তি ধাওয়া করায় নদীতে ঝাঁপ দেন তাহসিফ।

২৮ অক্টোবর বিকেলে উত্তরখান থানাধীন তুরাগ নদীর রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। তিনি ২৭ অক্টোবর মধ্যরাত থেকে নিখোঁজ ছিলেন।

এদিকে, তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া ক্লাব। সংগঠনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু নওরোজ খুরশিদ আলম বলেন, দেশবাসীর মতো রাওয়ার সাবেক সেনা কর্মকর্তারাও চান, প্রকৃত সত্য দ্রুত উদ্‌ঘাটন হোক।

বিজ্ঞাপন