গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আজ শনিবার ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চর পিংগুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম জিয়াউর রহমান (৪৫), তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার যদুপুর গ্রামের আমির হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী একটি ট্রাক একই দিকে চলাচলকারী অপর একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।
এ ঘটনায় পেছনের ট্রাকের চালক জিয়াউর রহমান ঘটনাস্থলেই নিহত হন। ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট নৃপেন দাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, “প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”