গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে গ্যাস বের হচ্ছে, যা লাইটার ধরালেই দাউ দাউ করে জ্বলে উঠছে। এলাকায় এই ঘটনা নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।
বান্ধাবাড়ি ইউনিয়নের ভাসাই বাজারে কামরুল শেখ নামে এক হার্ডওয়্যার ব্যবসায়ী গত এক বছর আগে একটি সাবমারসিবল পাম্প স্থাপন করেন। গত এক সপ্তাহ ধরে পাম্পটি থেকে পানি কম উঠতে থাকায় কামরুল শেখ বুধবার রাতে পাইপের মাথায় গ্যাস লাইটার ধরিয়ে আগুন জ্বালালে তা দ্রুত জ্বলে ওঠে।
এই ঘটনার পর স্থানীয় লোকজন কামরুল শেখের দোকানের সামনে ভিড় করতে শুরু করেন এবং তারা বিশেষজ্ঞ টিমের মাধ্যমে বিষয়টি পরীক্ষা করার দাবি জানান। কামরুল শেখ জানান, পাম্পটি ২৮০ ফুট গভীর এবং এটি মাছের গাড়িতে পানি সরবরাহের জন্য ব্যবহৃত হচ্ছে।
স্থানীয় যুবক শিহাব শেখ বলেন, "আমরা ঘটনাস্থলে এসে সত্যতা পেয়েছি এবং বিশেষজ্ঞ টিমের মাধ্যমে পরীক্ষা করার জন্য অনুরোধ করছি।"
উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন বলেন, "বিষয়টি জানার পর আমি তহশিলদারদের ঘটনাস্থলে পাঠিয়েছি। তাদের তথ্যানুযায়ী, প্রাথমিকভাবে আমি এটির সত্যতা পেয়েছি এবং আগামীকাল আমি ঘটনাস্থলে গিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।"