জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োজিত সরকারি কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণের নতুন নীতিমালা জারি করেছে সরকার। এই নীতিমালার আওতায় সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও বিভিন্ন অসামরিক পদে নিয়োজিত চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণ করা হবে।
নতুন এ নীতিমালা গত ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-৬ শাখা থেকে বুধবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যা স্বাক্ষর করেছেন অর্থ বিভাগের যুগ্মসচিব শরীফ নজরুল ইসলাম।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ১ জুলাই ২০২৬-এর আগে জাতীয় বেতন স্কেল-২০১৫-এর আওতায় নিয়োজিত কর্মচারীদের চুক্তির মেয়াদ যদি ওই তারিখের পরও বহাল থাকে, তবে তাদের বেতন জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী পুনর্নিধারণ করা হবে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, ১ জুলাই ২০২৬-এর পরে চুক্তিভিত্তিক পদে নিয়োগ পাওয়া কর্মচারীদের অবসর গ্রহণের আগে প্রাপ্ত মূল বেতনের গ্রেড ও ধাপ বিবেচনায় নিয়ে বেতন নির্ধারণ করা হবে। বিদ্যমান চুক্তি থাকলে তা সংশোধন করতে হবে।
এছাড়া, চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে ইনক্রিমেন্ট বা আনুতোষিক প্রদান করা হবে না। বেতন-ভাতা ও অন্যান্য শর্ত সংশ্লিষ্ট ব্যক্তির যোগ্যতা ও গুণাগুণ বিবেচনা করে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের সমন্বয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে।
প্রজ্ঞাপনে আগের সব আদেশ, স্মারক ও নির্দেশনার সংশ্লিষ্ট অংশ বাতিল করা হয়েছে, তবে নতুন নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আগের নির্দেশনাগুলো বহাল থাকবে। নতুন নির্দেশনা ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।