রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

গণমাধ্যম কমিশন গঠনে অংশগ্রহণমূলক প্রক্রিয়ার আহ্বান

গণমাধ্যম কমিশন গঠনে অংশগ্রহণমূলক প্রক্রিয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গণমাধ্যম কমিশন গঠনে অংশগ্রহণমূলক প্রক্রিয়ার আহ্বান

দেশে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম পরিবেশ নিশ্চিত করতে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন গণমাধ্যম সংশ্লিষ্ট অংশীজনরা। তারা বলেন, সরকার যে উদ্যোগ নিয়েছে তা বাস্তবায়নের জন্য একটি অংশগ্রহণমূলক ও স্বচ্ছ প্রক্রিয়া প্রয়োজন।

শনিবার (২৯ আগস্ট) যশোরে ‘গণমাধ্যম কমিশন: সরকারের কাছে প্রত্যাশা’ শীর্ষক নীতি সংলাপে এ আহ্বান জানানো হয়। স্থানীয় দৈনিক লোকসমাজ ও দৈনিক গ্রামের কাগজের যৌথ উদ্যোগে এবং মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস), ডেনমার্কের সহযোগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, কমিশন গঠনের আগে গণমাধ্যম মালিক, সম্পাদক, সাংবাদিক সংগঠন, আইন বিশেষজ্ঞ, সাংবাদিকতা বিষয়ের শিক্ষক, গণমাধ্যম উন্নয়ন সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামত নেওয়া জরুরি। এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, কমিশনের গ্রহণযোগ্যতা ও কার্যকারিতা নিশ্চিত করতে গণমাধ্যম অংশীজন ও নাগরিকদের মতামত বিবেচনায় নিতে হবে।

তিনি আরও জানান, ২০২৩ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্ম পরিকল্পনা এবং নির্বাচনী ইশতেহারে একটি স্বাধীন কমিশন গঠনের প্রতিশ্রুতি দ্রুতই বাস্তবায়ন হবে বলে আশাবাদ প্রকাশ করেন।

গণমাধ্যমের মালিকানার ক্ষেত্রে সার্কুলেশন সংখ্যা প্রকাশ এবং অডিটে অনিয়ম রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পাঠকের আস্থা বাড়াতে হলে এসব প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের জন্য একটি কার্যকর কোড অব কনডাক্ট প্রণয়নও গুরুত্বপূর্ণ।

গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান কামাল আহমেদ বলেন, জনস্বার্থে সাংবাদিকতা নিশ্চিত করতে সাংবাদিকতার নৈতিক মানদণ্ড নির্ধারণের সময় এসেছে। তিনি সম্পাদকদের জন্য একটি জাতীয় সম্পাদকীয় গাইডলাইন তৈরি করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

যশোরের দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত বলেন, কমিশনকে জবাবদিহির আওতায় রেখে সাংবাদিক ও গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিত করতে হবে। ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতা এবং স্বাধীন সাংবাদিকতার উপযোগী বিজ্ঞাপন নীতিমালার দাবি জানান।

দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন বলেন, কমিশন গঠনে জনমত তৈরিতে আরও আলোচনা প্রয়োজন, বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দিতে হবে।

বিজ্ঞাপন