পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, বর্তমান সরকার ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে কাজ শুরু করেছে। আজ শনিবার যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, বৃহত্তর যশোরের জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, ভবদহের সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে এবং সে অনুযায়ী নদী ও খাল খনন কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।
মন্ত্রী আরো জানান, পলি জমে পুনরায় সমস্যা সৃষ্টি না হওয়ার জন্য সংযোগ খালগুলোকে প্রবাহমান করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, বিশেষজ্ঞদের পাশাপাশি সাধারণ মানুষের মতামতও নেওয়া হচ্ছে এবং সেগুলো যাচাই-বাছাই করে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা হবে।
সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে কৃষি, মৎস্য ও প্রণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান, মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গণী খানসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।