জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই সম্মিলন অনুষ্ঠিত হচ্ছে।
প্রধানমন্ত্রী সকাল ১০টা ২০ মিনিটে সম্মিলনে উপস্থিত হন। কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এবারের সম্মিলনের প্রতিপাদ্য হলো ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’
সম্মিলনের উদ্দেশ্য হচ্ছে উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা। এছাড়া, দক্ষ মানবসম্পদ তৈরি এবং অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করা হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন, যা দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশ।
সম্মিলনের মাধ্যমে কলেজগুলোর সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয় বৃদ্ধি করা হবে, যা শিক্ষার মানোন্নয়ন ও কলেজ পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। স্বাগত বক্তব্য রাখবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।