উচ্চ মূল্যস্ফীতির বাজারে রোজায় পণ্যের দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভোক্তারা। বিশেষজ্ঞদের মতে, আসন্ন রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে এখনই আলাদা পরিকল্পনার প্রয়োজন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, রোজার মাসে তদারকি দল বাড়ানো হবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবছর রমজান মাসে অধিকাংশ দেশে ভোগ্যপণ্যের দাম কমলেও বাংলাদেশে পরিস্থিতি ভিন্ন। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হচ্ছে, ফলে সরকারি আশ্বাসেও বাজারে স্বস্তি আসছে না।
রোজার মাসে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুরের চাহিদা বাড়ে এবং একই সাথে দামও বাড়ে। বর্তমানে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ২০০ টাকার উপরে চলে গেছে। কোম্পানিগুলো দাম বাড়ানোর জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে। চিনির কেজি বর্তমানে ১১০ টাকায় বিক্রি হচ্ছে, এবং খেজুরের দামও চড়া।
এছাড়া, বিদেশি ফল ও মাংসের বাজারেও স্বস্তি নেই। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জহিরুল ইসলাম বলেন, রমজানে টিমগুলোর কার্যকারিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ও এ বিষয়ে সহযোগিতা করবে।
খুচরা বাজারের পাশাপাশি আমদানি ও মিল পর্যায়েও কঠোর নজরদারির পরামর্শ দিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। ক্যাবের সহ সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, বাজার নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত ফলাফল পেতে হলে আমদানিকারকসহ সব পর্যায়ে তদারকি করা জরুরি।
বিশ্লেষকরা রমজানে বাজার স্বাভাবিক রাখতে সামাজিক কর্মসূচি বাড়ানোর তাগিদ দিচ্ছেন।