কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের নবম চালান। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি প্রকল্প এলাকায় প্রবেশ করে।
গাড়িবহরটি রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে রূপপুরের উদ্দেশে যাত্রা করে। পথে মহাসড়কের বিভিন্ন মোড়ে পুলিশ সদস্যদের মোতায়েন থাকতে দেখা যায়। নিরাপত্তার দায়িত্বে ছিলেন সেনাবাহিনী, এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।
এটি চলতি বছরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য নবম চালান। আগামী সপ্তাহে দশম চালানের মাধ্যমে শেষ হবে দ্বিতীয় ইউনিটের প্রথম লোডিংয়ের ইউরেনিয়ামের চালান। চলতি বছরের ৩ অক্টোবর থেকে পর্যায়ক্রমে ইউরেনিয়ামের চালান আসতে থাকে।
সবশেষে ২৪ নভেম্বর ইউরেনিয়ামের অষ্ঠম চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছায়।