শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী আজ শুক্রবার রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি জানান, ‘আনফিট’ কর্মীকে ‘ফিট’ দেখিয়ে বিদেশে পাঠানোর প্রমাণ মিললে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হতে পারে।
আরিফুল হক চৌধুরী সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন, গতকাল ১১২ জন কর্মী সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ার ডিএইচএল কোম্পানিতে গেছেন। আগামী ৯ ডিসেম্বর আরও একটি দল বিদেশে যাবে।
মন্ত্রী জানান, বিদেশে অবস্থানরত প্রবাসীদের আইনি সহায়তা দিতে একটি ‘ল ফার্ম’ গঠনের কাজ চলছে এবং যুদ্ধসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।
তিনি উল্লেখ করেন, বিএমইটি কার্ড থাকুক বা না থাকুক, প্রত্যেক নিহত প্রবাসীর পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের প্রতি মাসে একটি করে সমন্বয় সভা করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, প্রবাসীদের চিকিৎসাসেবায় অগ্রাধিকার দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে এবং ইতোমধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে।
মন্ত্রী প্রবাসীদের নিজ-নিজ অবস্থানরত দেশের প্রচলিত আইন মেনে চলার অনুরোধ জানান। অনুষ্ঠানে মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাখাওয়াত হোসেন জীবন এবং জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।