সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্তের কাজ চলছে: ড. মামুন

ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করার কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন ড. মামুন।

ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্তের কাজ চলছে: ড. মামুন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন জানিয়েছেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা নিশ্চিত করতে ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করার কাজ এগিয়ে চলছে।

রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে যে জ্ঞান, গবেষণা ও উদ্ভাবন হচ্ছে, সেগুলোকে শিল্পের বাস্তব চাহিদার সঙ্গে সংযুক্ত করা জরুরি।

অধ্যাপক মামুন জানান, দেশের তরুণ জনশক্তির প্রায় ১৩.৫% বেকারত্বের শিকার হচ্ছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশন দ্বারা আরও প্রকট হচ্ছে। উচ্চশিক্ষাকে কর্মসংস্থানমুখী করতে বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার উদ্যোগ পর্যালোচনা করে পাঁচটি কেস স্টাডি পরিচালনা করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে শিল্পের চাহিদাভিত্তিক পাঠ্যক্রম, যৌথ গবেষণা, প্রযুক্তি হস্তান্তর এবং গবেষণালব্ধ উদ্ভাবনের বাণিজ্যিক প্রয়োগকে উৎসাহিত করা হচ্ছে।

ড. মামুন বলেন, উচ্চশিক্ষা ও শিল্পখাতের মধ্যে দক্ষতার ব্যবধান নিরসন এবং স্নাতকদের কর্মসংস্থানের উপযোগিতা বৃদ্ধি করতে একটি সমন্বিত বাস্তবায়ন কাঠামো প্রণয়নের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত কাঠামোটি চারটি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে সাজানো হয়েছে: শিক্ষা ও কর্মসংস্থান উপযোগিতা, গবেষণা ও উন্নয়ন, বাণিজ্যিকীকরণ ও উদ্ভাবন এবং সুশাসন ও অংশীদারত্ব।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম আধুনিকায়ন ও পর্যালোচনায় শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের জন্য কাঠামোবদ্ধ ইন্টার্নশিপের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

অধ্যাপক মামুন বলেন, একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতাকে বিচ্ছিন্ন উদ্যোগ হিসেবে নয়, বরং একটি টেকসই প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে হবে। বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়ন নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন