যশোরে ১৫টি সোনার বারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বিজিবি। সোনার বারগুলোর বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।
আজ শুক্রবার বিকেলে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোপন সংবাদে শুক্রবার ভোররাতে যশোর-নড়াইল সড়কের নীলগজ্ঞ এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানের সময় বেনাপোলগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৭৮০ গ্রাম ওজনের ১৫টি সোনার বার এবং ২৩ গ্রাম রূপা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতক্ষীরার কলারোয়ার ভাদিয়ালী গ্রামের হাবিবুর রহমান, কেঁড়াগাছির সুমন হোসেন এবং সুলতানপুর গ্রামের হেদায়রু রহমান রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জব্দ করা সোনার বারগুলো বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে নিয়ে আসা হচ্ছিল। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে।