বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

যশোরের শার্শায় ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১

যশোরের শার্শায় ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১।

যশোরের শার্শায় ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১

যশোরের শার্শায় দুটি মোটরসাইকেলের ভেতর বিশেষ কায়দায় লুকানো ২৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় রিপন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শার্শার বাগআঁচড়া বাজারের বাবু মার্কেট ও বিগ বাজারের সামনে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা বাগআঁচড়া বাজার এলাকায় সন্দেহভাজন দুটি মোটরসাইকেলে তল্লাশি চালান। এ সময় মোটরসাইকেল দুটির ভেতর থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক রিপন শার্শার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

বিজিবির দাবি, তিনি স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত। বিজিবি আরও জানায়, স্বর্ণের পাশাপাশি দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্টওয়াচ জব্দ করা হয়েছে। জব্দ করা সব মালামালের বাজার মূল্য আনুমানিক ৭ কোটি ৭২ লাখ ৭ হাজার ৬৯০ টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, উদ্ধার করা স্বর্ণ যশোর ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। জব্দ করা মালামালসহ আটক ব্যক্তিকে শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রমও চলছে। এছাড়া, সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন