ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির টহলদলের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোর পৌনে ৬টার দিকে তেলিখালী বিওপির আওতাধীন জলজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবির ৩৯ নম্বর ব্যাটালিয়নের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্য নিয়ে ফেরার পথে সংঘবদ্ধ চোরাকারবারিরা বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়।
প্রাথমিকভাবে মৌখিক সতর্কতা জানানো হলেও হামলা অব্যাহত থাকায় বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে গুলি চালান। এতে এক চোরাকারবারি গুলিবিদ্ধ হন। পরে তাকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় বিজিবির একজন সদস্যও আহত হন। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও টহল অব্যাহত রাখার কথা জানিয়েছে।