গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে অন্তঃসত্ত্বা স্ত্রী সীমা রানী দাসকে হত্যার অভিযোগে তার স্বামী উদ্ভবকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের বড়চালা এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, হত্যার পর উদ্ভব জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সীমার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের মতে, নিহতের স্বামী এবং স্ত্রী মাঝে মাঝে পারিবারিক কলহের কারণে ঝগড়া করতেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, নিহত সীমা রানীর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার গলা ও মাথায়ও আঘাতের চিহ্ন দেখা গেছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।