লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম-ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ সোমবার সকালে লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম সদর উপজেলার শাকচর এলাকার মৃত আনু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল কালাম সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ট্রাকের চালক পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ট্রাকটি আটক করেন।
এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা সড়কে গাছের গুড়ি ফেলে এক ঘণ্টা অবরোধ করেন, ফলে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বিচারের আশ্বাস দিলে স্থানীয়রা সড়ক অবরোধ তুলে নেয়।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।