চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মচারীকে ঘুষ নেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মচারীর নাম শুভ চন্দ্র বর্মন, যিনি অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশিত হয়, যেখানে শুভ চন্দ্র বর্মন সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ গ্রহণ করতে দেখা যায়।
রোববার রাতে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, সরকারি দায়িত্ব পালনকালে এ ধরনের কর্মকাণ্ড দুর্নীতির শামিল।
জেলা প্রশাসনের আদেশ অনুযায়ী, ১১ অক্টোবর থেকে শুভ চন্দ্র বর্মনের বরখাস্ত কার্যকর হয়েছে। এ ছাড়া, তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার জন্য অভিযোগ বিবরণী প্রস্তুত করে জেলা প্রশাসকের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, স্বচ্ছতা নিশ্চিত করতে ভূমি অফিসগুলোতে ঝটিকা অভিযান ও নজরদারি বাড়ানো হবে। পাশাপাশি সচেতনতার জন্য বার্তাও পাঠানো হয়েছে।