সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ চুরির ঘটনায় পুরস্কার ঘোষণা

নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ চুরির ঘটনায় অভিযুক্তকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে এসআরবি-৫।

নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ চুরির ঘটনায় পুরস্কার ঘোষণা

নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিলের ব্যাগ চুরি যাওয়ার ঘটনায় অভিযুক্তকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।

১১ অক্টোবর সকালে নাটোর রেলওয়ে স্টেশনের বিভিন্ন স্থানে অভিযুক্ত যুবকের ছবি সংবলিত পোস্টার লাগানো হয়েছে। এসআরবি-৫-এর নাটোর ক্যাম্পের কমান্ডার হাফিজ আল আসাদ জানান, অভিযুক্তকে গ্রেফতারে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, "অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ, সিআইডি, রেলওয়ে পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা কাজ করছেন।" তিনি আরও জানান, অভিযুক্তের বাড়ি অন্য এলাকায় হওয়ায় গ্রেফতারে কিছুটা সময় লাগছে।

জানা যায়, ১৮ বছর বয়সী জার্মান নাগরিক ক্রিল ৭ অক্টোবর বগুড়ার ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন শেষে নাটোর রেলওয়ে স্টেশনে আসেন। সেখানে হলুদ ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে।

ক্রিল টিকিট কাটতে গিয়ে ওই যুবকের কাছে নিজের ব্যাগ রেখে যান। ফিরে এসে দেখেন, ব্যাগসহ যুবক পালিয়ে গেছে। চুরি হওয়া ব্যাগে ল্যাপটপ, ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্র ছিল।

বিজ্ঞাপন