পঞ্চগড়ের সাবেক জেলার মো. আব্দুল ফাত্তাহকে ৫৭টি ভুয়া বিল পাস করার অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আব্দুল ফাত্তাহ ১৭ জানুয়ারি ২০২৩ থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত পঞ্চগড় জেলা কারাগারে কর্মরত ছিলেন। ২০১৮ থেকে ২০২৪ সালের আর্থিক বিভাগীয় নিরীক্ষা প্রতিবেদনে তার বিরুদ্ধে খোরাকি রেশন খাতে সরকারি অর্থ তছরূপ ও অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।
এ বিষয়ে কারা অধিদফতর একটি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। তদন্তের পর প্রতিবেদন দাখিল করা হয়, যেখানে উল্লেখ করা হয় যে, আব্দুল ফাত্তাহ ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ অর্থ বছরে ৩টি ভুয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ৫৭টি ভুয়া বিল পাস করে মোট ১ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করেছেন।
এ অপরাধের কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।