রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকার একটি বাসা থেকে ৫৮ বছর বয়সী শামসুন্নাহার বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের প্রাথমিক ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, স্বামীর মৃত্যুর পর থেকে শামসুন্নাহার মানসিক সমস্যায় ভুগছিলেন।
মঙ্গলবার ভোরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) কাজী আবু জুবায়ের জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান।
সেখানে একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় শামসুন্নাহারের মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, শামসুন্নাহার চিকিৎসকের কাছে যাওয়ার পরেও মানসিক সমস্যা থেকে মুক্তি পাননি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
নিহত শামসুন্নাহার বেগমের গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার দক্ষিণ বাসুরিয়া গ্রামে। তিনি মৃত আব্দুর রাজ্জাক মোল্লার স্ত্রী এবং দুই মেয়ে ও এক ছেলের জননী ছিলেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।