নাটোরে একটি চালবোঝাই ট্রাক ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে ঘটনাস্থলে হেলপার রিপন হোসেন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার দীঘাপতিয়া ইউনিয়নের হাগুড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন হোসেন পাবনার হেমায়েতপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় আহত ট্রাকচালক মাসুদ রানা। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রিপনের মরদেহ উদ্ধার করেন।
মরদেহটি পরে নাটোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহত চালক মাসুদ রানাকে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ জাফর ইকবাল জানান, সকালে দিনাজপুর থেকে ট্রাকটি পাবনার উদ্দেশ্যে যাচ্ছিল। হাগুড়িয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান, ফলে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে নিচের পানিতে পড়ে যায়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।