চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে দুর্বৃত্তদের হামলায় দুই রেলকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৩টা ২০ মিনিটের দিকে দামুড়হুদা উপজেলার দুধপাথিলা মুরগির ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে।
রেল ও পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরদী থেকে আসা খালি বিটিও ট্যাংকার ট্রেন (PSIK 6 DOWN) ওই এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় একদল দুর্বৃত্ত ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা লোকোমাস্টার নজরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার কবীর হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
দুর্বৃত্তরা আহত রেলকর্মীদের মোবাইল ফোন, নগদ টাকা ও পরনের কাপড়চোপড় ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর ট্রেনটি উথলী স্টেশনের লুপ লাইনে নেওয়া হয়। স্থানীয়দের সহযোগিতায় আহত দুই রেলকর্মীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
বর্তমানে ট্রেনটি উথলী স্টেশনে অবস্থান করছে এবং ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর এটি খুলনার উদ্দেশে রওনা হবে বলে জানা গেছে।
দামুড়হুদা থানার ওসি রাসেল মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, এলাকাটি নির্জন এবং এটি ছিনতাই নাকি অন্য কোনো ঘটনা, তা অনুসন্ধান করা হচ্ছে।