শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

শেরপুরে অস্ত্রের মুখে রাবির ৮ শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই

শেরপুরে রাবির ৮ শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের অভিযোগ।

শেরপুরে অস্ত্রের মুখে রাবির ৮ শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের পর্যটনকেন্দ্র গজনী অবকাশে শুক্রবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আট শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুর্বৃত্তরা শিক্ষার্থীদের মুঠোফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, শুক্রবার সকাল ৯টার দিকে ৭০ শিক্ষার্থী, তিন শিক্ষক ও কর্মচারীদের নিয়ে গজনী অবকাশকেন্দ্রে বেড়াতে আসেন। পরে তারা কয়েকটি দলে ভাগ হয়ে পাহাড়ে ঘুরতে যান। আট শিক্ষার্থীর একটি দল পাহাড়ে উঠলে পিস্তল ও দেশীয় ধারালো অস্ত্র হাতে কয়েকজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রিমন রায়হান বলেন, “আমরা আটজন পাহাড়ে উঠলে দুর্বৃত্তরা আমাদের আটক করে মারধর করে। পরে আমাদের মুঠোফোন, মানিব্যাগ ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।”

গজনী অবকাশ পর্যটনকেন্দ্রের কেয়ারটেকার ক্লেমেন রাখসাম জানান, তারা পিকনিক পার্টিকে দুর্গম পাহাড়ে যেতে নিষেধ করেছিলেন। ছিনতাইয়ের ঘটনার পর থানায় খবর দেওয়া হয় এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ বলেন, “ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়েছে, তবে দুর্বৃত্তরা দুর্গম পাহাড়ে চলে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।”

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, “ঘটনাটি অবকাশকেন্দ্রের বাইরে ঘটেছে এবং স্থানীয়রা শিক্ষার্থীদের সেখানে যেতে নিষেধ করেছিলেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউএনও ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।”

বিজ্ঞাপন