রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাবি’র হলে ঘুমন্ত শিক্ষার্থীকে কালাচ সাপের কামড়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে এক শিক্ষার্থীকে কালাচ সাপ কামড় দিয়েছে।

রাবি’র হলে ঘুমন্ত শিক্ষার্থীকে কালাচ সাপের কামড়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের ১৩৮ নম্বর কক্ষে ঘুমন্ত অবস্থায় এক শিক্ষার্থীকে কালাচ সাপ কামড় দিয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। আক্রান্ত শিক্ষার্থী নুরনবী ইসলাম, যিনি ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র।

জানা গেছে, ভোরে ঘুমন্ত অবস্থায় নুরনবীর বিছানায় উঠে সাপটি তার পায়ে কামড় দেয়। কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি বুঝতে পারেন এবং চিৎকার শুরু করেন। তার রুমমেট হাবিবুর রহমান জানান, সাপটি কামড় দেওয়ার পর তারা ঘুম থেকে উঠে কালাচ সাপটি দেখতে পান এবং রুমে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নুরনবীকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়, পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এ এইচ এম খুরশীদ আলম জানান, কামড়ে আক্রান্ত শিক্ষার্থী বর্তমানে স্থিতিশীল আছেন। আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে এবং তারা সার্বক্ষণিকভাবে পরিস্থিতির খোঁজখবর রাখছেন।

এদিকে, হলের বিভিন্ন কক্ষে সাপ ঢোকার ঘটনা পূর্বেও ঘটেছে। ছাত্র সংসদ ও প্রশাসনের কাছে বিষয়টি জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, যা উদ্বেগের বিষয় বলে মনে করছেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন